ইসরাইলে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন। তার আগে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপগুলোতে রাজনৈতিক অচলাবস্থার আভাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান জোট কিংবা তার বিরোধী ‘পরিবর্তনপন্থি’ জোট কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে পূর্বাভাস দেয়া হয়েছে জরিপে। একই সঙ্গে ছোট কয়েকটি দল নির্বাচনে প্রয়োজনীয় ভোট না পেয়ে নেসেট বা ইসরাইলের পার্লামেন্টে প্রবেশের সুযোগ হারাতে পারে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
শুক্রবার প্রকাশিত এসব জরিপের পর শনিবার থেকে ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত জনমত জরিপ প্রকাশ নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার রাত ১০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বুথফেরত জরিপ প্রকাশ করা হবে। তার আগে চ্যানেল ১৩-এর এক জরিপে বলা হয়েছে, নেতানিয়াহুবিরোধী ‘পরিবর্তনপন্থি’ দলগুলো ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর অনুগত দলগুলো পেতে পারে ৫০টি আসন। নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। জরিপ অনুযায়ী, প্রধানত আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে ১৬টি আসন। জরিপে গাদি আইজেনকোটের ‘ইয়াশার’ দলকে ২২টি আসন, নেতানিয়াহুর লিকুদ পার্টিকে ১৯টি, নাফতালি বেনেটের ‘বেয়াখাদ’ দলকে ১৪টি এবং বামপন্থি ‘দ্য ডেমোক্রেটস’ দলকে ১০টি আসন দেয়া হয়েছে। এরপর রয়েছে প্রধানত আরব দলগুলোর সমন্বয়ে গঠিত ‘জয়েন্ট লিস্ট’, যারা পেতে পারে ৯টি আসন। চারটি দল পেতে পারে আটটি করে আসন। এগুলো হলো কট্টরপন্থি বিরোধী দল ‘ইসরাইল বেইতেনু’, উগ্র ডানপন্থি ‘ওতজমা ইয়েহুদিত’, অতি-ধর্মীয় গোষ্ঠীর ‘ইউনাইটেড তোরাহ জুদাইজম’ এবং উগ্র জাতীয়তাবাদী ‘রিলিজিয়াস জায়নবাদ’ দল। অতি গোঁড়া ইহুদিদের দল শাস এবং ইসলামপন্থি রা’আম পেতে পারে সাতটি করে আসন। এই জরিপে ওফের উইন্টারের ‘পিপল অব ইসরাইল’, ইয়োয়াজ হেনডেলের ‘রিজার্ভিস্টস’ এবং মোতি লেইটনারের ‘চারেদি পাবলিক’ দল নির্বাচনী ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।
চ্যানেল ১২-এর জরিপেও একই ধরনের চিত্র উঠে এসেছে। এতে পরিবর্তনপন্থি জোট ৫৬টি আসন এবং ক্ষমতাসীন জোট ৫০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আরব প্রধান ‘জয়েন্ট লিস্ট’ ও রা’আম দল সম্মিলিতভাবে পেতে পারে ১৪টি আসন। এই জরিপে ইয়াশার ২৩টি, লিকুদ ২১টি, বেয়াখাদ ১৫টি এবং দ্য ডেমোক্রেটস ১০টি আসন পেতে পারে। জয়েন্ট লিস্ট পেতে পারে ৯টি আসন। ইসরাইল বেইতেনু, শাস ও ওতজমা ইয়েহুদিত পেতে পারে আটটি করে আসন। ইউনাইটেড তোরাহ জুদাইজম পেতে পারে সাতটি এবং রিলিজিয়াস জায়নবাদ ছয়টি আসন। রা’আম পেতে পারে পাঁচটি আসন। রা’আমের প্রধান মানসুর আব্বাস পরিবর্তনপন্থি জোটের সঙ্গে সরকার গঠনে যোগ দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ওই জোটের কয়েকটি দল রা’আমকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। চ্যানেল ১২-এর জরিপেও উইন্টার, হেনডেল ও লেইটনারের দলগুলো নেসেটে প্রবেশের ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেনি।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান প্রকাশিত জরিপেও একই ধরনের ফলের পূর্বাভাস দেয়া হয়েছে। তবে এই জরিপে হেনডেলের ‘রিজার্ভিস্টস’ দল চারটি আসন পেয়ে নেসেটে প্রবেশ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। হেনডেল প্রকাশ্যে কোনো জোটের প্রতি সমর্থন জানাননি। কান-এর জরিপে পরিবর্তনপন্থি জোটের জন্য ৫২টি আসন, বর্তমান ক্ষমতাসীন জোটের জন্য ৫০টি এবং আরব দলগুলোর জন্য ১৪টি আসনের পূর্বাভাস দেয়া হয়েছে। রিজার্ভিস্টস পেতে পারে চারটি আসন। এই জরিপ অনুযায়ী, ইয়াশার ২২টি, লিকুদ ২০টি, বেয়াখাদ ১৪টি, জয়েন্ট লিস্ট ৯টি এবং দ্য ডেমোক্র্যাটস আটটি আসন পেতে পারে। ওতজমা ইয়েহুদিত, ইসরাইল বেইতেনু ও ইউনাইটেড তোরাহ জুদাইজম পেতে পারে আটটি করে আসন। শাস ও রিলিজিয়াস জায়নবাদ পেতে পারে সাতটি করে আসন। রা’আমের জন্য পাঁচটি এবং রিজার্ভিস্টসের জন্য চারটি আসনের পূর্বাভাস দেয়া হয়েছে। অন্য জরিপগুলোর মতো কান-এর জরিপেও উইন্টার ও লেইটনারের দল দুটি নির্বাচনী ন্যূনতম ভোটের সীমার নিচে রয়েছে। তবে দুই দলই শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। নেতানিয়াহু ও তার মিত্রদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপও তারা প্রত্যাখ্যান করেছে।
