যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ক্যাথলিক চার্চের আর্চডায়োসিস যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ১ হাজার ৩০০ জনের আইনি দাবি নিষ্পত্তিতে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নিউইয়র্কের আর্চবিশপ রোনাল্ড হিকস জানান, ভুক্তভোগী ও তাদের আইনজীবীদের সঙ্গে সমঝোতার পর আগামী ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করা হবে।
এক ইমেইল বার্তায় হিকস বলেন, এ সমঝোতার মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের নিরাময় ও পুনর্মিলনের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে এ চুক্তি আর্চডায়োসিসকে সুসমাচার প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায়দের সহায়তা, আগন্তুকদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানের কাজে পূর্ণ মনোযোগ ফেরানোর সুযোগ দেবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ হাজার ৩০০ ভুক্তভোগীর প্রত্যেকে অন্তত ২ লাখ ৫০ হাজার ডলার করে ক্ষতিপূরণ পাবেন। নির্যাতনের মাত্রা ও ভয়াবহতা বিবেচনায় কেউ কেউ আরও বেশি অর্থ পেতে পারেন।
এ ধরনের সমঝোতার ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে ৮৮ কোটি ডলারের সমঝোতা করেছিল।
ক্যাথলিক চার্চের বিরুদ্ধে এক হাজারের বেশি অভিযোগ দায়ের করা ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী আইনজীবী জেফ অ্যান্ডারসন বলেন, নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ভুক্তভোগীদের সর্বসম্মত সমঝোতা ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি আরও বলেন, ভুক্তভোগীদের সাহস, ত্যাগ ও দৃঢ়সংকল্পের কারণে দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থবহ অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিক চার্চে যৌন নিপীড়ন নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার পর এ সমঝোতা হলো। ২০০০-এর দশকের শুরু থেকে চার্চটি এ ধরনের একাধিক কেলেঙ্কারিতে জর্জরিত।
ওই দশকে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে ক্যাথলিক যাজকদের হাতে হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। অভিযোগ রয়েছে, চার্চের নেতারা অনেক ক্ষেত্রে এসব ঘটনা ধামাচাপা দিয়েছেন কিংবা অভিযুক্ত যাজকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে না দিয়ে অন্যত্র বদলি করেছেন।
এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডায়োসিসকে শত শত কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। বিচারের দীর্ঘ প্রক্রিয়া এড়াতে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচিও চালু করা হয়েছে।
চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস ঘোষণা দেয়, তাদের যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার প্রায় ৫৩০ জনের মামলা নিষ্পত্তিতে ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে তারা সম্মত হয়েছে।