খুলনা গেজেট অক্টোবর ১৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ) দেশটির বন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব জাভা প্রদেশের ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভানোর সময় আগুনের তীব্রতায় চারজন প্রাণ হারান। তবে নিহত ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুজন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মকর্তা এবং অন্য দু’জন হোটেলকর্মী।
প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানান, জাতীয় উদ্যানটিতে প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটে। তবে এর আগে আগুন নেভাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাথমিকভাবে ১২ জন প্রচলিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের দলটি ভাগ হয়ে যায়। এ সময় বাতাসের গতিপথ দ্রুত পরিবর্তিত হলে ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন।
এদিকে, ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক মৌসুম চলছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়।
দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও পরিবর্তনশীল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। মাউন্ট ব্রোমোর এ ঘটনায় জাতীয় উদ্যানের নিরাপত্তা ও দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এএফপি
খুলনা গেজেট/উউরা
