রাজশাহীর বাঘা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার মনিগ্রাম বাজারসংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
এসময় একটি বৈদ্যুতিক ফ্যান ও সরকারি স্টিলের আলমারিসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে কেন্দ্রের দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মোসা. সুমি আক্তার অফিসে গিয়ে কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি ও ভাঙচুরের বিষয়টি তার নজরে আসে।
মোসা. সুমি আক্তার জানান, সকালে অফিসে এসে কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে মালামাল চুরি ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। তিনি আরও জানান, কেন্দ্রে কোনো নিরাপত্তাকর্মী বা নিরাপত্তারক্ষী নেই। এ কারণে সেখানে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। নিরাপত্তার অভাবে তারা উদ্বেগের মধ্যে থাকেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী সবনম বলেন, মনিগ্রাম স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা বেহাল হওয়ায় পাশের কোয়ার্টারে কার্যক্রম স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। চুরির ঘটনায় একটি বৈদ্যুতিক ফ্যান ও সরকারি স্টিলের আলমারি খোয়া গেছে। তবে সরকারি ওষুধসহ অন্যান্য মালামাল কোয়ার্টারে রাখা ছিল। এ ঘটনায় অফিসিয়ালভাবে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাসেবা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
