ছবি: সংগৃহীত
-->৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নবম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (২৫ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে যোগদানের তারিখ ও আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময়সূচিও জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রভাষক পদে যোগদান করতে হবে। একই দিন থেকে ৮ নভেম্বর পর্যন্ত বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে।
এতে বলা হয়, গত ১৪ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের ৩৮৩ জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। প্রচলিত বিধিবিধান ও নির্ধারিত শর্তে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর চাকরি সংশ্লিষ্ট পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে।
প্রশিক্ষণ সফলভাবে শেষ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে চাকরি স্থায়ী করা হবে। তবে শিক্ষানবিশকালে চাকরির অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ না করে চাকরি থেকে অপসারণ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষানবিশকালে অথবা তা শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণ বাবদ ব্যয়, বেতন-ভাতা ও অন্যান্য নির্ধারিত অর্থ ফেরত দিতে হবে। এজন্য একজন জামানতদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে। চাকরি ছাড়ার ক্ষেত্রে সরকারি পাওনা আদায় ও শাস্তিমূলক ব্যবস্থার বিধানও রাখা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর পূর্বাহ্ণে সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর সশরীরে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানের স্থান হিসেবে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ বাতিল হবে।
৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফল ও প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।
কাজল/এএফ
