কালবেলা · সাধারণ
সুন্দরবনে হরিণের মাংস জব্দ
২২/১০/২০২৬

সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা থানাধীন গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হরিণের চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি হরিণের চামড়া জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗