বৃহত্তর সিলেট শিক্ষা উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট অঞ্চলের মাদ্রাসাগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে সিলেটে পৃথক মাদ্রাসা শিক্ষা বোর্ড স্থাপনের জোর দাবি জানানো হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কুশিঘাটে পরিষদের কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মহাসচিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এম এ সবুরের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কারী মো. টুনু মিয়া। সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন ডা. হাবিবুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন মাওলানা এম এ সবুর।
সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ থানা শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক কাজী মো. সাব্বির আহমদ, ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়ন শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন, ৪২ নম্বর ওয়ার্ড শিক্ষা উন্নয়ন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, সদস্যসচিব মো. জামান মনসুর এবং কুশিঘাট জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ কারী মো. টুনু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-সহ বহু আউলিয়া-বুজুর্গের স্মৃতিধন্য সিলেট ঐতিহাসিকভাবেই ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। বৃহত্তর সিলেটের চার জেলায় শত শত প্রাচীন ও ঐতিহ্যবাহী কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
তাঁরা বলেন, বর্তমানে দেশের আলিয়া মাদ্রাসাগুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ঢাকাভিত্তিক একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। ফলে সিলেট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সনদ, নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন দাপ্তরিক কাজে বারবার ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি তাঁদের ভোগান্তি পোহাতে হয়।
এ পরিস্থিতি নিরসনে সিলেটে পৃথক মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট অঞ্চলে লিফলেট বিতরণের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
সভায় জানানো হয়, পরিষদের পরবর্তী সভা আগামী ২১ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কুশিঘাটের নোয়াবাজারে অবস্থিত কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি
