প্রকাশিত: ১৩:২২, ২৪ অক্টোবর ২০২৬
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের হিলি স্থলবন্দর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টা থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এর মধ্য দিয়ে ফের সচল হয়েছে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম।
শাহীনুর ইসলাম মণ্ডল জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার দুপুর সোয়া ১২টা থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
তিনি আরো জানান, কার্যক্রম চালুর পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক থেকে পণ্য খালাসের পর দেশীয় ট্রাকে পণ্য বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এতে বন্দরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ হয়নি। শনিবারও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
