রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন। নগর ভবনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটির প্রশাসক মাহফুজ উন নবী ডন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ২৪ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্গাপূজা উদযাপন নিয়ে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, এ উৎসবকে ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাই পূজামণ্ডপগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
