জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এখন থেকে সব ধরনের খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি রাস্তার পাশে পিঠা, পুরি কিংবা পেঁয়াজু বিক্রেতাদেরও এই নিবন্ধনের আওতায় আসতে হবে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খাদ্য প্রস্তুতকারী, প্রক্রিয়াজাতকারী ও বিক্রেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিনামূল্যে নিবন্ধন পাবেন ১৬ ধরণের খাদ্য ব্যবসায়ী
প্রাথমিক পর্যায়ে ১৬টি নির্দিষ্ট শ্রেণির খাদ্য ব্যবসা ও স্থাপনার জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবার কোনো ফি বা মাশুল ছাড়াই বিনা মূল্যে এই নিবন্ধন দেওয়া হবে।
যে ১৬টি খাতে নিবন্ধন লাগবে: রাস্তার পাশের পিঠা, পুরি, পেঁয়াজু ও মুখরোচক খাবার বিক্রেতা, রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠান, বেকারি ও পেস্ট্রি শপ, মিষ্টির দোকান ও দুগ্ধপণ্য প্রস্তুতকারী, ফলের রসের দোকান (জুস বার), প্যাকেটজাত খাবার উৎপাদনকারী, কাঁচা ও তাজা খাদ্য ছাড়া অন্যান্য খাদ্যপণ্যের আমদানিকারক, পাইকারি মুদি খাদ্য ব্যবসা, খাদ্য সংরক্ষণাগার ও হিমাগার, ভোজ্যতেল ও ভোজ্য লবণ উৎপাদনকারীসহ অন্যান্য খাদ্য ব্যবসা।
বিশেষায়িত খাবারের ক্ষেত্রে লাইসেন্স ও ফি বাধ্যতামূলক
সাধারণ নিবন্ধনের পাশাপাশি নির্দিষ্ট কিছু বিশেষায়িত খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য নিবন্ধনের সাথে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই ক্ষেত্রে নির্ধারিত ফি বা মাশুল পরিশোধ করতে হবে।
লাইসেন্স নিতে হবে যেসব খাদ্যের জন্য: ১. শিশু খাদ্য (ফর্মুলা দুধ) এবং বয়স্ক বা নির্দিষ্ট রোগীদের জন্য বিশেষ পথ্য।
২. স্বাস্থ্যসহায়ক ও সম্পূরক খাদ্য (Nutraceuticals), প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য।
৩. জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত (GMO) খাদ্য, জৈব খাদ্য (Organic Food), অভিনব খাদ্য ও পুষ্টিসমৃদ্ধ খাবার।
আবেদন প্রক্রিয়া, মেয়াদের সময়সীমা ও মোড়কীকরণ
-
আবেদন জমা: আপাতত বিএফএসএ-র (BFSA) সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। ভবিষ্যতে এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
-
মেয়াদ ও নবায়ন: প্রতিটি নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে ৩ বছর। মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম মেনে তা নবায়ন করতে হবে।
-
প্যাকেজিং নিয়ম: যে সকল খাদ্যপণ্যের মোড়কে নিবন্ধন নম্বর উল্লেখের বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোর প্যাকেটে বা মোড়কে নম্বরটি স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
The post রাস্তার পাশে পিঠা-পুরি বিক্রি করলেও বাধ্যতামূলক নিবন্ধন appeared first on SATV.
