অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে বড় ব্যবধানে, সিরিজও হাতছাড়া হয়ে গেছে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার সোবহানা মোস্তারি ও নিগার সুলতানার।
মেয়েদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি।
ব্রিজবেনে রোববার দ্বিতীয় ওয়ানডেতে অষ্টম ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন ক্রিজে গিয়ে দারুণ নৈপুণ্যে নিজেকে মেলে ধরেন সোবহানা। খেলেন ১১৮ রানের চমৎকার ইনিংস, ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরি।
একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির কীর্তিও গড়েন সোবাহানা। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো ভেন্যুতে প্রথম বাংলাদেশি হিসেবে তিন অঙ্কের ইনিংস খেলেন তিনি।
ওই ইতিহাস গড়ার সুবাদে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে, যৌথভাবে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে আছেন সোবহানা।
ওই ম্যাচেই সোবহানার সঙ্গে ১৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। এই সংস্করণে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। আর নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটেও এটা সর্বোচ্চ জুটি।
ওই ঐতিহাসিক জুটি গড়ার পথে ৭৪ রানের ইনিংস খেলেন নিগার। তাতে তিনিও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১১ ধাপ, আছেন এই তালিকায় যৌথভাবে ২৪তম স্থানে।
বাংলাদেশের আরেক ক্রিকেটার রিতু মনি প্রথম ম্যাচে ৬৩ বলে ৪৫ রান করার সুবাদে ১০ ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে।
সোবহানা-নিগারের অসাধারণ নৈপুণ্যের পরও বাংলাদেশ ওই ম্যাচেও ন্যূনতম লড়াই করতে পারেনি জর্জিয়া ভলের অপরাজিত সেঞ্চুরি ও ফিবি লিচফিল্ডের দারুণ ইনিংসের সৌজন্যে।
ম্যাচটিতে ৫১ বলে ৭০ রান করেন লিচফিল্ড। আর প্রথম ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৭৭ রান। র্যাঙ্কিংয়ে এখনও অবশ্য আগের মতোই পাঁচ নম্বরে আছেন তিনি। তবে এই পারফরম্যান্সে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ক্যারিয়ার সেরা ৭২৭; যৌথভাবে তৃতীয় স্থানে থাকা তার সতীর্থ বেথ মুনি ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসের চেয়ে মাত্র ৪ পয়েন্ট কম।
আর ৯ উইকেটে জয়ের ওই ম্যাচে অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলা ভল আট ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে।
এই সংস্করণে র্যাঙ্কিংয়ের শীর্ষে আগে থেকেই আছে স্মৃতি মান্ধানা। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
বোলারদের র্যাঙ্কিংয়ে উল্লেথযোগ্য কোনো রদবদল নেই।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন নাহিদা আক্তার, তবে তিনি পাঁচ ধাপ নেমে এখন আছেন ১৬ নম্বরে।
বোলারদের মধ্যে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।
অলরাউন্ডারদের শীর্ষ ছয়ে নেই কোনো পরিবর্তন। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার।
