বিসিবি সভাপতি আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন: তানজিদ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। এরপর দলের মধ্যে গুমোট পরিবেশ ভাঙতে খেলোয়াড়দের সাথে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছেন, জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম।
বিসিবি সভাপতির সাথে আলোচনার বিষয়ে তানজিদ বলেছেন, ‘আসলে বলা যায় বিসিবি সভাপতির সাথে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের। বিসিবি আমাদের ভালো-খারাপ সময়ে সবসময় পাশে থাকে। আমাদের কোন সমস্যা হচ্ছে কিনা, কোন সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা আমরা। সবকিছু মিলিয়ে উনি আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছেন।’
‘আমরা একটা পরিবারের মতো, পরিবারের ভিতর নেতিবাচক কোনকিছু তৈরি না হোক, উনি আমাদের সেই ইতিবাচক বার্তা দিয়েছেন। যাতে আমরা সবাই একসাথে থাকি এবং একসাথে হয়ে দল হিসেবে যাতে ভালোভাবে মাঠে পারফর্ম করতে পারি প্রত্যেকটা ম্যাচে।’
প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া এটা না দেখে কীভাবে আমরা প্রত্যেক ম্যাচে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে যাতে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারি, একইরকম পরিবেশ রেখে এবং কীভাবে আমরা এক হয়ে দল হিসেবে সব বিভাগে ভালো পারফর্ম করতে পারি, এই ইতিবাচক বার্তাটা উনি দিয়েছেন আমাদের।’
ব্যাটারদের ভুগতে থাকা নিয়ে তানজিদ বলেছেন, ‘আসলে যদি দক্ষতার এখানে সমস্যা থাকত, তাহলে আমরা দেশেও ভুগতাম। আমরা দেশে যেরকমভাবে খেলি, যদি মানসিকতা নিয়ে দেশের বাইরেও একই প্রস্তুতিতে খেলতে পারি, আমার কাছে মনে হয় খুব ভালো হবে। আমার কাছে মনে হয় আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে টিম মিটিংয়ে।’
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার জন্য বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে তাওহীদ হৃদয়ের দল। বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
