অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের আনন্দ কাটতে না কাটতেই আজ ২৫ অক্টোবর রোববার দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা। আশ্বিন মাসের এই বিশেষ পূর্ণিমা তিথিতে ধনের দেবী লক্ষ্মীর আরাধনায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি সনাতনী পরিবার।
সনাতন শাস্ত্র অনুযায়ী, দেবী লক্ষ্মী হলেন সম্পদ, সৌভাগ্য, আলো, জ্ঞান, সৌন্দর্য ও উর্বরতার প্রতীক। কথিত রয়েছে, কোজাগরী পূর্ণিমার রাতে ধনধান্যে গৃহ পূর্ণ করতে দেবী ভক্তদের বাড়ি সফর করেন। ‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জেগে আছো’। বিশ্বাস করা হয়, রাতে যারা জেগে দেবীকে স্মরণ করেন, তাদের ঘরেই লক্ষ্মী প্রবেশ করেন; আর বন্ধ দরজা দেখে ফিরে যান। তাই এ রাতে ভক্তরা উপবাস থেকে ব্রত পালন করেন এবং রাত জেগে দেবীর আরাধনা করেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তথ্যমতে, আজ ২৫ অক্টোবর রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে, যা আগামীকাল ২৬ অক্টোবর সোমবার সকাল ৯টা ৪১ মিনিটে সমাপ্ত হবে।
বাঙালি সনাতনী সমাজে লক্ষ্মীপূজার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো ‘লক্ষ্মীর পাঁচালি’ পাঠ। এ ছাড়া পূজা উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে আলপনা এঁকে দেবীর পায়ের ছাপ দেওয়া হয়। নৈবেদ্য হিসেবে ব্যবহার করা হয় আতপ চাল, ধান, দূর্বা, তুলসীপাতা, মঙ্গলঘট ও আম্রপল্লব।
যদিও অনেক অঞ্চলে দীপান্বিতা অমাবস্যা কিংবা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপূজার প্রথা রয়েছে, তবে কোজাগরী পূর্ণিমায় সর্বজনীন ও পারিবারিক পর্যায়ে লক্ষ্মীপূজার আয়োজনই সবচেয়ে জাঁকজমকপূর্ণ হয়ে থাকে।
এটিভি/ আর এম
