বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ডের অপারেশনাল ও কার্যক্রমগত বিভিন্ন দিক পরিদর্শন করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ড পরিদর্শন করেন। এ সময় ইয়ার্ডের সার্বিক কার্যক্রম, ওয়াগন চলাচল, লোকোমোটিভের প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ইয়ার্ডের অপারেশনাল ও ফাংশনাল কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন মহাব্যবস্থাপক। রেলওয়ের পরিবহন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে ইয়ার্ডের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন তিনি।
এ সময় যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ইয়ার্ডের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন জিএম মামুনুল ইসলাম। পাশাপাশি ওয়াগন মুভমেন্ট, লোকোমোটিভের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
রেলওয়ের গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনাগুলোর মধ্যে চট্টগ্রাম মার্শালিং ইয়ার্ড অন্যতম। ইয়ার্ডের কার্যক্রমের সঙ্গে ওয়াগন ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট। ফলে এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয় পরিদর্শনে।
পরিদর্শনকালে চট্টগ্রামের বিভাগীয় প্রধান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এমএন
