বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আজিম আহম্মেদ এ আবেদন করেন।
আসামি মঈনউদ্দিন আহাম্মেদ বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে মিরপুর -১০ নম্বরের গোল চত্বর অতিক্রম করার সময় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী ফিরোজ তালুকদার পলাশ । পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান । যিনি রংপুর ক্যামিকেল লিমিটেডে কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। এ ঘটনায় পলাশের স্ত্রী ওই বছরের ২৫ অগাস্ট একটি হত্যা মামলা করেন।
আটক রাখার আবেদনে পুলিশের বলেন , এ মামলার ঘটনার সাথে আসামি জড়িত আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
