রিয়াদে হুথি হামলা: নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। এই ভয়াবহ হামলায়...........
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporterসৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি এবং আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৪ জন।
পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিহত দুজন হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি। নিহত শাহেদ জেদ্দায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে দেশ থেকে রিয়াদ হয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। অন্যদিকে নাসরুল্লাহ ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে রিয়াদ বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, হামলায় আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কিং আবদুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন হাফেজ হাসান, কাজী নুরুল্লাহ ও মো. ওমর ফারুক। রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন সাফফাত রহমান অচেতন অবস্থায় রয়েছেন।
আহত অন্যদের রিয়াদ মেডিকেল, প্রিন্স সুলতান মিলিটারি, সুলাইমান আল হাবিব, কিংডম, কিং ফাহাদ মেডিকেল সিটিসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে দূতাবাস নিবিড়ভাবে কাজ করছে।
এদিকে, হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিমানবন্দরটিতে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ নিয়ে আটকে পড়া যাত্রীদের আবাসন ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেছে।
বিমানবন্দরে আটকে পড়া ওমরাহ যাত্রীদের মধ্যে ৬৭ জনকে বিশেষ বাসে জেদ্দায় পাঠানো হয়েছে। বাতিল হওয়া ঢাকাগামী ফ্লাইটের (এসভি৮০৪) প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া বাহরাইনগামী দুই বাংলাদেশিকে স্থলসীমান্ত দিয়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা হয়েছে। অন্যান্য যাত্রীদের মেরিয়ট, রেডিসন হোটেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে দূতাবাস।
বাংলাদেশ জার্নাল/ওএফ
