লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কৃষকের ওপর আক্রমণ চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশি গ্রামবাসী লাঠি হাতে প্রতিবাদ করলে ককটেল ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। গতকাল সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, বুড়িমারী বামনদল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষকরা কাজ করছিলেন। এ সময় বেশ কয়েকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে কৃষকদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে তারা লাঠিসোটা নিয়ে কৃষকদের ওপর হামলা চালান। পরে কৃষকরাও লাঠি দিয়ে পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল, সাউন্ড বোম ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যেতে বাধ্য হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির টহল দল। বিএসএফের অবৈধ অনুপ্রবেশ এবং গুলি-বোমা বর্ষণের ঘটনার কঠোর ও তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, বৈঠকের ডাক দেওয়া হয়েছে। বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। তবে কেন ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে।
