চাঁদপুরের মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম এলাহী প্রধান। তিনি কনজুমার ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি এক কন্যাসন্তানের জনক।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে আক্তার হোসেন খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এমএইচ
