ছবিটি প্রতীকীছবি: AI নির্মিত
Published on
:
2 min read
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের ভাবমূর্তিতে ফের কালি লাগল। দীর্ঘদিন ধরে নির্বাচন ঝুলিয়ে রাখা এবং প্রশাসনিক অচলাবস্থার জন্য ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া (Equestrian Federation of India) বা EFI-কে নির্বাসন করল বিশ্ব অশ্বারোহী ক্রীড়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন বা FEI।
গত ১৩ অক্টোবর FEI বোর্ডের এক জরুরি অনলাইন বৈঠকে এই শাস্তির সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। পরবর্তীতে ১৫ অক্টোবর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) নিযুক্ত অ্যাড-হক কমিটির দুই শীর্ষ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সন্দীপ দেওয়ান এবং বিশিষ্ট আইনজীবী বিদুষ্পত সিংঘানিয়াকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই নিষেধাজ্ঞার বার্তা জানিয়ে দেন FEI কর্তৃপক্ষ।
কেন সাসপেন্ড ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া?
চিঠিতে বিশ্ব সংস্থা সাফ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ফেডারেশনের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর নতুন নির্বাচন না করিয়ে পদে বহাল থাকায় আইনি লড়াই শুরু হয় এবং গত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি হাইকোর্ট পুরো কার্যনির্বাহী কমিটিকেই ভেঙে দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ২৭ মার্চ IOA একটি অন্তর্বর্তী অ্যাড-হক কমিটি গড়ে নির্বাচনের দায়িত্ব দেয়। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংস্থা চিঠিতে লিখেছে, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনও নেতৃত্ব ছাড়া অনির্দিষ্টকাল ধরে একটি জাতীয় ফেডারেশন চলতে পারে না। এমন দীর্ঘমেয়াদি নেতৃত্বহীনতা ও প্রশাসনিক অনিয়ম মেনে নেওয়া আর সম্ভব নয়।’
সাসপেনশনের ফলে কী প্রভাব পড়বে?
FEI সংবিধানের ৮.৪ অনুচ্ছেদ অনুযায়ী এই নির্বাসন করেছেন। এর ফলে আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের কোনও রাইডার, ট্রেনার, জাজ বা টেকনিক্যাল অফিসিয়াল আন্তর্জাতিক কোনও মঞ্চে অংশ নিতে পারবেন না। এমনকি ভারতে নথিভুক্ত কোনও ঘোড়াও আন্তর্জাতিক ইভেন্টে নামতে পারবে না। সবচেয়ে বড় সমস্যা হলো—এই নিষেধাজ্ঞা চলাকালীন ভারতীয় অ্যাথলিটরা দেশের পতাকা তো বটেই, নিরপেক্ষ FEI পতাকা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না। পাশাপাশি ভারত কোনও আন্তর্জাতিক অশ্বারোহী ইভেন্ট আয়োজন করতে পারবে না।
এই সিদ্ধান্তের ফলে ঘোড়ার ট্রেনাররাও সমস্যায়। যেমন ভারতীয় এন্ডুরেন্স ট্রেনার হরি সিং নিজে EFI-তে নথিভুক্ত হলেও তাঁর অধীনে অন্য দেশের ফেডারেশনের বেশ কিছু ঘোড়া প্রশিক্ষণ নিচ্ছে। নিয়মানুযায়ী, সেই ঘোড়াগুলিকে ১ ডিসেম্বরের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামাতে হলে ট্রেনার বদল করতে হবে। FEI-এর রুল ৮২৮.৩ অনুযায়ী ট্রেনার বদলের পর অন্তত ১৪ দিন ঘোড়া ট্র্যাকে নামতে পারে না। তাই সেই সমস্ত বিদেশি ঘোড়াগুলিকে আন্তর্জাতিক সার্কিটে সচল রাখতে হলে আগামী ১৭ নভেম্বরের মধ্যে ট্রেনার পরিবর্তন করতে হবে।
যদিও ভারতীয় অ্যাড-হক কমিটি আশ্বাস দিয়েছিল যে আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে, কিন্তু FEI সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। বিশ্ব সংস্থা স্পষ্ট করে দিয়েছে, ১ ডিসেম্বর থেকেই নির্বাসন কার্যকর হবে।
