ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ব্যাংকিংয়ে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল প্লাটফর্মটি প্রশাসনিক জটিলতা ও ব্যাংকের কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমানোর পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে।
ব্র্যাক ব্যাংক পিএলসির ডিজিটাল প্লাটফর্ম ‘কর্পনেট’-এ ট্রেড সলিউশনস চালু করা হয়েছে। নতুন এ সেবার মাধ্যমে আমদানি-রফতানিসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম একটি ডিজিটাল চ্যানেলে সম্পন্ন করা যাবে। পাশাপাশি লেনদেনের নির্দেশনা জমা ও কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারবেন গ্রাহকরা। রাজধানীর একটি হোটেলে গতকাল এক অনুষ্ঠানে নতুন এ সলিউশনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন ইকবালসহ গ্রাহক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ব্যাংকিংয়ে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল প্লাটফর্মটি প্রশাসনিক জটিলতা ও ব্যাংকের কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমানোর পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে। এছাড়া কাস্টমাইজড ব্যবস্থাপনা তথ্য প্রতিবেদন (এমআইএস) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষম প্রক্রিয়াকরণের মাধ্যমে নগদ প্রবাহ পরিকল্পনা, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বিশ্বমানের ডিজিটাল ট্রেড সলিউশনস গ্রহণ ব্যাংকের ট্রেড ফাইন্যান্স কার্যক্রম রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক। ট্রেড কার্যক্রম ডিজিটাল করা এবং প্রক্রিয়াগুলো সহজ ও গতিশীল করার মাধ্যমে ব্যাংক স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও দক্ষতা বাড়াচ্ছে। একই সঙ্গে করপোরেট গ্রাহকদের আরো দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেয়া সম্ভব হচ্ছে। গ্রাহকদের ধারাবাহিকভাবে উন্নত সেবা প্রদানের এ অগ্রগতি ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের সবচেয়ে পছন্দের বাণিজ্যিক ব্যাংক হয়ে ওঠার লক্ষ্যের আরো কাছে নিয়ে যাবে।’
নতুন প্লাটফর্মে আমদানি ও রফতানি কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সেবা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঋণপত্র (এলসি), শিপিং গ্যারান্টি, আমদানি মূল্য পরিশোধ, রফতানিসংশ্লিষ্ট নথিপত্র, পণ্য জাহাজীকরণের আগে ও পরে অর্থায়ন এবং ব্যাংক গ্যারান্টি। পাশাপাশি গ্রাহকরা কাস্টমাইজড প্রতিবেদন, ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, সুইফট কপি, তাৎক্ষণিক হালনাগাদ ব্যালেন্স ও ঋণসীমার তথ্য এবং ব্যাংকের সঙ্গে নিরাপদ যোগাযোগের সুবিধা পাবেন।
কর্পনেটের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে আইএসও ২৭০০১ সনদপ্রাপ্ত তথ্যনিরাপত্তা ব্যবস্থাপনা, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু নিরাপত্তা কার্যক্রম কেন্দ্র, পেনিট্রেশন টেস্টিং, রেড-টিম অনুশীলন ও স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়ন। অন্যদিকে ট্রেড মডিউলে রয়েছে ভূমিকাভিত্তিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশন, অপরিবর্তনীয় অডিট ট্রেইল ও এআই-সক্ষম জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা। সলিউশনটি আইএসও ২০০২২ ও সুইফট এসআর২০২৬-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
