ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন ২৭ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বান্ধবীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ ও ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত ১৬ জুন রাতে মাওয়া যাওয়ার পথে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন পবন ও তার বান্ধবী লামিয়া আক্তার। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পবনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় লামিয়া চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। ছিনতাইকারীরা তখন লামিয়ার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০:৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুভাঢ্যা ও আগানগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজু আহম্মেদ ওরফে লাল চাঁন ৩২, সজীব মৃধা ২৮ ও জিহাদ মিয়া ২১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা চুনকুটিয়া বেবীস্ট্যান্ড এলাকায় আড্ডা দিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই করত। দ্রুত পালানোর সুবিধার জন্যই তারা এক্সপ্রেসওয়েকে টার্গেট করত বলে পুলিশ জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
