রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ১৪ ও ১৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক তাহমিনা হাসানের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই দিনের এ প্রচার কার্যক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, সদরঘাট, বাবুবাজার, মিটফোর্ড, সোয়ারীঘাট, লালবাগ, আজিমপুর, সেকশন, হাজারীবাগ, রায়েরবাজার, জিগাতলা ও বিজিবি সদর দপ্তর-সংলগ্ন এলাকায় মাইকিং করা হয়।
এছাড়া মাতুয়াইল, কামরাঙ্গীরচর, শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন এলাকা, বউবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।
প্রচারণার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে মানুষকে সচেতন করা এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমানো সম্ভব।
