আজকাল ওয়েবডেস্ক: দ্রব্যমূল্য ও জীবন যাপনে আকাশছোঁয়া খরচের জেরে সম্প্রতি ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ। গ্রেপ্তার হাজার। এবার স্পাইডারম্যান, সুপারম্যান থেকে শুরু করে ব্ল্যাক প্যান্থার- রূপোলি পর্দার এই সমস্ত 'অতিমানবদের' বেশেই ফ্রান্সের রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা!
জীবনযাত্রার আকাশছোঁয়া খরচ এবং শিক্ষায় বাজেট কমানোর প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল ফ্রান্স। প্যারিসের এক বিক্ষোভস্থলে ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার পোশাক পরা দু’জনকে ঘিরে সেলফি তোলার ধুম পড়ে যায়।
পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের মুখোমুখি হয়েও প্রতিবাদীদের মনোবল বাড়াতে স্লোগান দেন তাঁরা। পুলিশের লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস থেকে বাঁচতে হেলমেট ও মাস্ক পরে প্রস্তুত হয়েই নেমেছেন আন্দোলনকারীরা।
মাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে এই ক্ষোভে দেশজুড়ে প্রায় চার লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১০০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও প্রেসিডেন্ট মাক্রোঁ তা খারিজ করে দেন।
সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই আন্দোলন। শুধু ফ্রান্সেই নয়, ছড়িয়ে পড়েছে ইটালি, স্পেন ও পর্তুগালের মতো দেশের সাধারণ মানুষের মধ্যেও।
