মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে পদত্যাগের বিষয়ে ইশরাক বলেন, বিশেষ কারণে তাঁকে পদ ছাড়তে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইশরাক আরও বলেন, দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং দল না চাইলেও তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে মাদকের বিরুদ্ধে আরও বেশি সক্রিয়ভাবে মাঠে নামবেন বলেও জানান তিনি।
এর আগে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
তিনি আরও লেখেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এর পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় ইশরাক গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় খবরটিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
পরে রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর হওয়ার পর দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে।
