কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী কমিটির সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের নতুনপাড়ায় সংগঠনটির জেলা কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
প্রদ্যুৎ কুমার তালুকদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংগঠনটির কার্যালয়ে গেলে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ সংগঠনের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা এবারের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন নিয়ে পূজামণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি ও অর্চনা করেছেন। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তারা সরকারপ্রধান, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নেতারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ এবং ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তবে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্যকে ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
