নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সোহাগী ওই গ্রামের কৃষক মো. সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কৃষক সোহেল মন্ডল পাওয়ার টিলার দিয়ে নিজের বা অন্যের জমিতে হালচাষ করতে যান। এ সময় বাবার সঙ্গে মাঠে যায় ছোট্ট সোহাগী। মাঠে জমি চাষের সময় শিশুটিকে ক্ষেতের আইলে বসিয়ে রাখা হয়। একপর্যায়ে ক্ষেতের পাশ থেকে একটি শিয়াল বের হলে ভয়ে কেঁদে দিয়ে বাবার দিকে ছুটে যায় শিশুটি। কিন্তু চলন্ত পাওয়ার টিলারের কাছাকাছি পৌঁছালে সে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শরীর ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর
