মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ।
সভায় ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করা, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা থেকে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
