ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও আলোচনায় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এবার মাঠের বাইরের ঘটনা—বান্ধবী ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত হয়েছে। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি ভিনিসিয়ুস। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামলেও একটি বিতর্কিত গোল বাতিলের ঘটনায় মেজাজ হারান তিনি। শেষ পর্যন্ত ৭৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ফরোয়ার্ডকে।
লাল কার্ডের নিষেধাজ্ঞায় চলতি মাসের বহুল আলোচিত ‘এল ক্লাসিকো’তে তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মাঠের হতাশার মধ্যেই ব্যক্তিগত জীবনেও ধাক্কা খেলেন ভিনিসিয়ুস। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ফনসেকার প্রেস অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া আর একসঙ্গে নেই। তাদের মধ্যে কোনো বিরোধ বা ঝগড়া হয়নি; বরং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরেই দ্বিতীয়বারের মতো তাদের বিচ্ছেদের খবর সামনে এল। এর আগে গত মে মাসেও তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। পরে জুনে আবার এক হন তাঁরা। সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্দানের আংটিও দেখিয়েছিলেন এই জুটি।
তবে সাম্প্রতিক বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভিনিসিয়ুসকে ছাড়াই ভার্জিনিয়ার মায়ামি সফরকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। সে সময় ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সন্তানরা যেন তাদের বাবা জে ফেলিপের সঙ্গে সময় কাটাতে পারে, সে কারণেই ওই সফর করেছিলেন তিনি।
