সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে দিচ্ছে মেটা। ফলে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ৩১ অক্টোবর থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে বলে জানিয়েছে মেটা।
জানা যায়, ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তার হিসাব পাওয়া যেত। তবে নির্ধারিত তারিখ থেকে এই মেট্রিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।
বিজ্ঞাপন
‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর পার্থক্য
‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রচারণার ফলাফল বিশ্লেষণে নতুন বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন হবে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ করার পাশাপাশি ‘ভিউয়ারস’ মেট্রিক কীভাবে কাজ করবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে কনটেন্টের কার্যকারিতা তুলনা, দর্শক বিশ্লেষণ এবং ডিজিটাল বিপণন কৌশল নির্ধারণ সহজ হবে।
বিজ্ঞাপন
ফেসবুকের এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচারণা এবং প্রমোশনাল কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণে। বিশেষ করে গণমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন মেট্রিকের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেন্ট বিশ্লেষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে।
নতুন নিয়মে যা পরিবর্তন হবে
আগে কোনো ফেসবুক পেজের পারফরম্যান্স বিশ্লেষণ করতে রিচ ও ইমপ্রেশনের মতো মেট্রিকের ওপর নির্ভর করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্ট কতবার দেখা হয়েছে এবং কতজন স্বতন্ত্র দর্শক সেটি দেখেছেন, তা বোঝার জন্য নতুন মেট্রিক ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
নতুন মেট্রিক ব্যবহারের ক্ষেত্রে কনটেন্ট কতবার দেখা হয়েছে এবং কতজন স্বতন্ত্র দর্শক দেখেছেন, সেই তথ্য আলাদাভাবে বিবেচনা করতে হবে। তবে পুরোনো ও নতুন মেট্রিকের হিসাব সব সময় সরাসরি তুলনা করা যাবে না। ফলে কোনো পেজের আগের মাসের রিচের সঙ্গে বর্তমান সময়ের নতুন মেট্রিকের সংখ্যা মিলিয়ে পারফরম্যান্স বেড়েছে বা কমেছে—এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
বিজ্ঞাপন
যেমন- আপনি নতুন একটি পোশাকের ছবি পোস্ট করলেন। পোস্টটি ৫০০ জন আলাদা মানুষের কাছে পৌঁছাল। কিন্তু কেউ কেউ ছবিটি একাধিকবার দেখায় মোট দেখার সংখ্যা হলো ৮০০। এখানে ৫০০ হলো রিচ, আর ৮০০ হলো মোট ভিউ। এখন নতুন পরিমাপ পদ্ধতিতে পুরোনো রিচের সংখ্যা ও নতুন ভিউয়ের সংখ্যা একভাবে তুলনা করা যাবে না। তাই শুধু একটি সংখ্যা দেখে পোস্টের জনপ্রিয়তা বিচার না করে, কতজন দেখেছেন, কতজন লাইক-কমেন্ট করেছেন এবং কতজন পেজে এসে পণ্য সম্পর্কে জানতে চেয়েছেন—সেগুলোও বিবেচনায় নিতে হবে।
এসইউ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
