আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা বহুল আলোচিত সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যা মামলার সকল আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু, দশম শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আসেফসহ অনান্য শিক্ষার্থীরা। বক্তব্যে তারা বলেন, তাঁদের স্কুলের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুততম সময়ে বিচার শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানী বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে মামলার আসামিদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামীসহ ৪ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করে, রিমান্ডে নেয়।
The post সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডে আসামিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন appeared first on Matrijagat.
