আজ সকাল ১০টা পর্যন্ত দেখা গিয়েছে এই ছবি। স্ক্রিনগ্র্যাব windy.com
Published on
:
2 min read
গভীর নিম্নচাপ থেকে আরও কয়েক দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কথা সোমবারই। তেমনটা হলে নাম হবে ‘অর্ণব’। বুধবার দুপুরেই সেই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার কথা বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যে, সম্ভবত কাঁকিনাড়ার কাছে। যখন তার ল্যান্ডফল হবে তখন অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারাও নিতে পারে ‘অর্ণব’। অন্ধ্র উপকূলে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার পর্যন্ত। এমনকী সর্বোচ্চ ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগেও ছুটতে পারে এই ঝড়। হাওয়া অফিসের আশঙ্কা সত্যি হলে অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। তবে বাংলায় অর্ণবের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা এখনও নেই। জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
ক্রমাগত শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল নিম্নচাপ। বর্তমানে অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে প্রায় ৮৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং কাঁকিনাড়া থেকে প্রায় ৯৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। রবিবারই তার গভীর নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামিকাল অর্থাৎ সোমবার প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে।
এক নজরে
গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে সোমবারই তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
আগামী বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপতলার মাঝে (কাঁকিনাড়ার কাছাকাছি) এটি আছড়ে পড়তে পারে।
ল্যান্ডফলের সময় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ১১৫-১২৫ কিমি, যা সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
সরাসরি বড় কোনও প্রভাব না পড়লেও, মঙ্গলবার থেকে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
ইতিমধ্যেই অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূলে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তিবৃদ্ধির দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।
তবে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে ঘুরতে পারে বাংলার আকাশ। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও।
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে।