‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, কন্যাশিশুরা সমাজের অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি কন্যাশিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
The post আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
