কালবেলা · সাধারণ
রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
১৩/১০/২০২৬

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নতুন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ৯নং ওর্য়াডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের শ্রমিক আছাদুল হক ও রংপুরের শিহাব। এ ঘটনায় আহত হন- বাবলা মিয়া, লিটন মন্ডল, সেলিম মিয়া। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্মাণাধীন ব্লিডিংয়ে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন পাঁচ শ্রমিক।
এ সময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন-২০২০’র কোনো কর্মকর্তাদের পাওয়া যায়নি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী উল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗