ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ সঞ্জীব ভট্টাচার্য্য
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকায় রামকানাই মন্দিরের জমি দখলের চেষ্টা চলছে। মন্দিরের সম্পত্তি দখলে নিতে গত কয়েকদিন ধরে মোস্তাক আহাম্মদ ও ইমতিয়াজসহ তাদের সহযোগীরা মন্দিরের সেক্রেটারি সুমন চন্দ্র দাসকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, রামকানাই মন্দিরের নামে থাকা ওই জমিতে একটি হোটেল ও মন্দির রয়েছে। সুমন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে মন্দিরের সেক্রেটারি হিসেবে ওই জমি ও হোটেলের দেখাশোনা করছেন। কিন্তু গত ১১ আগস্ট সকালে অভিযুক্তরা ওই হোটেলে গিয়ে ভাড়াটিয়া রুহুল আমিন সেলিমকে হোটেল ছেড়ে দিতে বলেন এবং সুমন চন্দ্র দাসকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন।
এ নিয়ে ২০১৮ সাল থেকে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। সম্প্রতি একটি নিষেধাজ্ঞা মামলাও আদালতে বিচারাধীন। আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ।
সুমন চন্দ্র দাস অভিযোগ করে জানান, অভিযুক্তরা তাকে ও ভাড়াটিয়া রুহুল আমিন সেলিমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তারা বলেছেন, কিছুদিনের মধ্যে হোটেল না ছাড়লে তাদের ওপর হামলা চালানো হবে।
এ ঘটনায় সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুমন চন্দ্র দাস। ডিউটি অফিসার আয়েশা আক্তার জিডিটি গ্রহণ করেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি থানার অফিসার ইনচার্জের কাছে পাঠানো হয়েছে।
