ভিডিও দেখার পাশাপাশি অডিওবুক শোনার সুবিধা চালুর পরিকল্পনা করছে ইউটিউব। আগামী বছরই এ সেবা চালু হতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে আলোচনা করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
বর্তমানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে অডিওবুক পাওয়া যায়। এর মধ্যে কিছু বই কপিরাইটমুক্ত হলেও কিছু বই অনুমতি ছাড়াই আপলোড করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি অননুমোদিত অডিওবুকের সংখ্যাও বাড়ছে। রোবটের মতো কণ্ঠে বর্ণনা করা এমন অনেক অডিওবুক ইতিমধ্যে প্ল্যাটফর্মটিতে ছড়িয়ে পড়েছে।
তবে ইউটিউব এখনো আনুষ্ঠানিকভাবে অডিওবুকের আলাদা বিভাগ চালুর বিষয়টি নিশ্চিত করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনমুক্ত ইউটিউব প্রিমিয়াম সেবার সঙ্গে অডিওবুক শোনার সুবিধা যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে ইউটিউব প্রিমিয়ামের মাসিক মূল্য ১৬ ডলার।
প্রাথমিক পর্যায়ে থাকায় এ সেবার মূল্য কাঠামো সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। প্রিমিয়াম গ্রাহকেরা মাসজুড়ে সীমাহীন অডিওবুক শুনতে পারবেন কি না, কিংবা আলাদা করে বই কেনার সুযোগ থাকবে কি না, তা-ও স্পষ্ট নয়। শেষ পর্যন্ত সেবাটি চালু হবে কি না, সেটিও নিশ্চিত নয়।
স্পটিফাই ও অডিবলের সঙ্গে প্রতিযোগিতা
অডিওবুকের বাজারে ইতিমধ্যে স্পটিফাই ও অডিবলের মতো প্রতিষ্ঠিত সেবা রয়েছে। ফলে ইউটিউবের নতুন উদ্যোগের সাফল্য নির্ভর করবে তাদের বইয়ের সংগ্রহ, সাবস্ক্রিপশন মূল্য এবং অন্যান্য সুবিধার ওপর।
স্পটিফাইয়ের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে প্রতি মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুযোগ রয়েছে। অতিরিক্ত ১২ ডলার দিয়ে ‘অডিওবুকস প্লাস’ সুবিধা নিলে আরও ১৫ ঘণ্টা শোনা যায়। এ ছাড়া মাসে ১০ ডলারের ‘অডিওবুকস অ্যাকসেস’ পরিকল্পনায় ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুযোগ রয়েছে। স্পটিফাইয়ের ওয়েব প্লেয়ার থেকেও আলাদা করে বই কেনা যায়।
অন্যদিকে, অডিবলের মাসিক ৯ ডলারের স্ট্যান্ডার্ড সদস্যপদে তাদের সংগ্রহ থেকে প্রতি মাসে একটি অডিওবুক শোনা যায়। তবে সাবস্ক্রিপশন চালু থাকা পর্যন্তই বইটি ব্যবহারের সুযোগ থাকে।
অডিবলের মাসিক ১৫ ডলারের প্রিমিয়াম সদস্যপদে একটি ক্রেডিট দেওয়া হয়, যা দিয়ে একটি বই কেনা যায় এবং কেনা বইটি স্থায়ীভাবে নিজের সংগ্রহে রাখা যায়। এ পরিকল্পনায় সীমাহীনভাবে শোনা যায় এমন অডিওবুকের সংগ্রহেও প্রবেশাধিকার রয়েছে।
ইউটিউব অডিওবুক সেবা চালু করলে বিদ্যমান প্রতিযোগীদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। বিশাল ব্যবহারকারীভিত্তি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি বাজারে জায়গা করে নিতে পারে। তবে গ্রাহকদের আকৃষ্ট করতে বইয়ের বৈচিত্র্য ও মূল্য দুই ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক সুবিধা দিতে হবে।
