শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষায় অভিযানের সময় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের স্পিডবোট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অভিযান দলের দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দুর্গম চর কলিকাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে পদ্মা নদীর জাজিরা অংশে মা ইলিশ রক্ষায় অভিযান শুরু করে কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। সকাল ৯টার দিকে অভিযানকারী দল চর কলিকাল এলাকায় পৌঁছালে একদল জেলে সংঘবদ্ধভাবে হামলা চালান। তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে অভিযানকারী দলের বোট লক্ষ্য করে হামলা করেন।
এ সময় পরিস্থিতির মুখে অভিযানকারী দলের সদস্যরা সাময়িকভাবে পিছু হটেন। পরে অতিরিক্ত নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দেন। যৌথ বাহিনীর অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় অভিযান দলের দুই সদস্য সামান্য আহত হন।
বিজ্ঞাপন
জেলা মৎস্য বিভাগ জানায়, সোমবার ভোর থেকে চলা অভিযানে সকাল পর্যন্ত ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া তিন লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, দুর্গম চর এলাকায় অভিযানকালে কিছু অসাধু জেলে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে আমরা তাদের নিবৃত্ত করতে সক্ষম হই। আমাদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকায় তারা পিছু হটে খালের মধ্য দিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, আমাদের বার্তা পৌঁছাতে পেরেছি। আমাদের সঙ্গে সংসদ সদস্য আছেন, তিনি বিষয়টি মনিটরিং করছেন। পরে সংসদ সদস্য বিভিন্ন পয়েন্টে গিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলেছেন, যাতে তারা নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার না করেন।
বিধান মজুমদার অনি/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
