রহস্যজনক আগুন আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মালিভিটা গ্রামে একের পর এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে গ্রামের বিভিন্ন বাড়ির গোয়ালঘর, খড়ের গাদা, গাছপালা ও ধানক্ষেতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের পেছনে দুর্বৃত্তদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। নিজেদের ঘরবাড়ি ও সম্পদ রক্ষায় এখন রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার রাতোর ইউনিয়নের মালিভিটা গ্রামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই দিন গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম ও তার ভাইদের গোয়ালঘর, খড়িঘরসহ আটটি ঘর পুড়ে যায়। এ ছাড়া বাড়ির পাশে থাকা ১৬টি গাছ এবং প্রায় ১৫ শতক জমির ধানক্ষেত নষ্ট হয়। এতে তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সিরাজুল ইসলাম জানান, তারা সবাই বাড়িতে ছিলেন। হঠাৎ সন্ধ্যার দিকে বাড়ির বাইরের খড়ের গাদা ও গোয়ালঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকায় নুরুল হক নামের এক ব্যক্তির খড়ের ঘরে আগুন লাগে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়। পরে রাত ১০টার দিকে সেকেন্দার আলীর খড়ের ঘর ও গোয়ালঘরসহ তিনটি ঘর এবং চারটি গাছ পুড়ে যায়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সেকেন্দার আলী বলেন, রাতে ঘর থেকে বের হয়ে আগুনের ভয়াবহতা দেখে তিনি অবাক হয়ে যান। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ধরন দেখে তাদের ধারণা, দুর্বৃত্তরা বিশেষ কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারে। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এরপর গত শনিবার রাতেও আলহাজ শামসুল হকের বাড়ির উঠানে থাকা একটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনেক সময় ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ পুড়ে যাচ্ছে।
দিনভর কৃষিকাজের পর রাত জেগে পাহারা দিতে গিয়ে দুর্ভোগে পড়ছেন গ্রামবাসী। ছোট সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে এসব অগ্নিকাণ্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত ঘটনার তদন্ত, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলামের ভাই রফিকুল ইসলাম রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মালিভিটা গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
