ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাজেভাবে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে এদিনও ব্যাটিং বিপর্যয়ের সেই চিরাচরিত রূপ দেখিয়েছে তাওহীদ হৃদয়ের দল। জিম্বাবুয়ের বিপক্ষেও একই কারণে হেরেছে ৯৯ রানের বড় ব্যবধানে। আর আফগানিস্তান বিদায় করল ৭ উইকেটে হারিয়ে। পরে ম্যাচ শেষে নিজেরা ন্যূনতম ১০০ রান কম করার আক্ষেপ শোনালেন হৃদয়।
লিটন দাসের ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হৃদয় বলেন, ‘সত্যি বলতে আমরা একই ভুল বারবার করছি। ব্যাটিং ইউনিট আবারও ভুল করেছে। শুরুতেই আমরা কিছু উইকেট হারিয়ে ফেলি। এটাই হারের মূল কারণ। এটা নিয়েও আমরা আলোচনা করেছি। তবে টপ অর্ডারের কলাপ্সই মূল কারণ। আমরা এটা নিয়ে কাজ করব।’
আরও পড়ুন
আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজ থেকেও শিক্ষা নেওয়ার কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই সিরিজ থেকে আসলে শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। ব্যাটিংয়ে, এমনকি ফিল্ডিংয়েও আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমাদের হাতে সময় আছে। এশিয়া কাপ আবার আমাদের দেশেই হবে। আশা করি ঘুরে দাঁড়াব।’
৪০-৫০ নয়, আরও অন্তত ১০০ রান করা উচিৎ ছিল বলে দাবি হৃদয়ের, ‘৪০-৫০ রান না। আমরা অন্তত ১০০ রান কম করেছি। এটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো উইকেট। টপ অর্ডার থেকে বড় রান করতে হবে।’
এসএইচ/এএইচএস
