
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সাউথইস্ট ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত।
অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং (টিবিএমএল) বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যাংকিং অংশীদারদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নীতিমালা পরিপালন নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সম্প্রতি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম। স্বাগত বক্তব্যে তিনি ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত (এএমএল/সিএফটি) নীতিমালা পরিপালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে টিবিএমএল প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আবিদুর রহমান চৌধুরী। তিনি ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এএমএল/সিএফটি নীতিমালা যথাযথভাবে পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থাভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
