আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি, অন্তরের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম বলে মন্তব্য করেছেন ছারছীনা দরবার শরীফের পীর আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
তিনি বলেন, জিকিরের মাধ্যমে মানুষ মহান আল্লাহর স্মরণে নিজেকে নিবিষ্ট রাখার পাশাপাশি তাকওয়া, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের অনুপ্রেরণা লাভ করে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল করা জরুরি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক তাহেরপুর ঈদগাহ ময়দানে আয়োজিত এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছারছীনা শরীফের মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মরণে এবং মাদরাসার দশম বার্ষিক ঈছালে ছাওয়াব দোয়ার মাহফিল ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এ আয়োজন করা হয়।
পীর ছাহেব বলেন, জিকির কেবল মুখে আল্লাহর নাম উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্তরে তাঁর স্মরণ ধারণ করা, তাঁর নির্দেশনা মেনে চলা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করাও জিকিরের শিক্ষার অংশ। নিয়মিত জিকির, ইবাদত, আত্মশুদ্ধি ও উত্তম আমলের চর্চা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সোনারগাঁ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মো. মোহেবুল্লাহ আল মাহমুদ।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহর সোনারগাঁ উপজেলা শাখা ও স্থানীয়দের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছারছীনার পীর ছাহেব।
The post আল্লাহর জিকির আত্মশুদ্ধি ও প্রশান্তির অন্যতম মাধ্যম: ছারছীনার পীর appeared first on ভোরের চেতনা.
