গাজীপুর মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘ডিবিএল’ ও ‘সুপ্রিম গার্মেন্টস’-এর গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রথমে ডিবিএল কারখানার সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টুন গুদামে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে শুরুতেই কাশিমপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ইপিজেডের ৩টি, ভোগড়া ফায়ার সার্ভিসের ২টি এবং ডিবিএলের নিজস্ব ১টিসহ মোট ৯টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে যোগ দেয়।
ঘটনাস্থল থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী জানান, "আমরা '৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল' ফায়ার ফাইটিং কৌশলে আগুন চারিদিক থেকে ঘিরে ফেলেছিলাম। তবে প্রাথমিক পর্যায়ে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। পরিশেষে ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।"
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জানান, "তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ডাম্পিং কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব জানা যাবে।"
