মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর সেলফি পরিবহন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানান। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মহাসড়ক অবরোধ করে রাখা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং যান চলাচল পুনরায় চালু করা হয়েছে।
মো. সজল আলী/এফএ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
