দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার সন্দেহ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিজ ঘর থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondentদিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিজ ঘর থেকে এক মা ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতরা হলেন, ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৪) এবং তাদের দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইফা মনি (১)। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইজিবাইকচালক শাকিল বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। রোববার সকালেও তাদের মধ্যে ঝগড়ার পর শাকিল বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যায় দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় শাশুড়ি ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের নিথর দেহ দেখতে পান।

ইউপি সদস্য নূর আমিন শাহ জানান, ঘরের দেয়ালে আবেগঘন কিছু কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল, "আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা। (আমার সন্তানদের) নিজে মারছি। মা–বাবা সরি। আমি তোমাদের ভালোবাসি।"
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ