
ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ (শাহিন চেয়ারম্যানের বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—শিল্পী আক্তার (৪৫), রূপ মিয়া (৫০) ও বাবুল খাঁন (৫৫)। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. রফিক খাঁন, মো. হাবিবুর রহমান খাঁনদের সঙ্গে বাদী তারেক মিয়ার পরিবারের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ ওঠে, বিবাদীরা নিয়মিত তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। রোববার সকালে আসামিরা বেআইনিভাবে দেশীয় ধারালো দা, এসএস পাইপ ও লাঠি-সোটা নিয়ে বাদীর বাবার মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়।
এ সময় বাদীর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের দায়ের কোপে শিল্পী আক্তারের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। তাকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের এসএস পাইপ ও লাঠির আঘাতে আরও কয়েকজন জখম হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় সেখানকার কর্মরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানিয়েছে, এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
