জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের এসব বিক্ষোভে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
প্যারিসে ১ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের মধ্যে ৫০০ জনের বেশি ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
দক্ষিণ-পূর্ব ফ্রান্সের লিওঁ শহরে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রায় ১৫০ জন বিক্ষোভকারী জড়ো হন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ওই এলাকার কাছাকাছি বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা ছিল।
এর আগে বিক্ষোভে সহিংসতার ঘটনার পর প্যারিস, লিওঁ ও মার্সেইয়ের কিছু এলাকায় রাতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এ ছাড়া কয়েকটি শহরে বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সূত্র: শাফাক নিউজ
