পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে বাঙালির লোকজ পোশাক লুঙ্গিকে ইতিবাচকভাবে তুলে ধরতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। ‘সংস্কৃতির সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কাম একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে এই ব্যতিক্রমী আয়োজনের সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্যারেডটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের পরনে লুঙ্গির পাশাপাশি শাড়ি, ফতুয়া ও গামছার মতো ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়।
ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে আয়োজিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, পোশাক নয়, মানবিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ দিয়েই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়। পোশাক কেবল সংস্কৃতির পরিচয় বহন করে, কিন্তু তা কখনোই মানুষের শ্রেষ্ঠত্ব বা অবমূল্যায়নের মাপকাঠি হতে পারে না। তিনি এমন চমৎকার ও উদ্ভাবনী আয়োজনের প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিবুর রহমান, ড. ফারহানা ইয়াসমিন ও ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
