রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনায় ছয় ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর সরবরাহ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ত্রুটি মেরামত শেষে হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। তবে প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সরবরাহ তখনো বন্ধ ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখা-সংলগ্ন একটি সুইচবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্তব্যরত এক নার্স আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সুইচবোর্ডের সার্কিট ব্রেকার ও বৈদ্যুতিক তার পুড়ে যায়। নিরাপত্তার কারণে পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এ ঘটনায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় সাময়িক ভোগান্তিতে পড়েন তাঁরা।
.jpeg)
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে টানা ছয় ঘণ্টা কাজের পর বেলা ১২টার দিকে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। বিদ্যুৎ সংযোগ চালুর পর ডায়ালাইসিস, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ চালুর জন্য কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এই কর্মকর্তা।
