নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সাধারণ সাংবাদিকদের উদ্যোগে সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে গুলি করে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ চালাতেন।
