কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাঁদের উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহুলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল সংলগ্ন কাসারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুমন এবং বারোমাইল এলাকার মাহাবুল।
স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারা বহনকারী একটি গাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা চক্রটি গাড়িটির গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয় এবং প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে ব্যবসায়ী বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাঁদের আটক করেন এবং গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর
