সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
রোববার সন্ধ্যায় তিনি উপজেলার দুয়াজানি মহামায়া ক্লাব, সূর্য কান্ত সাহার বাড়ি এবং ওঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির ও চৌধুরী বাড়ি ক্লাবের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার নাগরপুরের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক; নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম এবং পূজা উদ্যাপন ফ্রন্টের নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সূত্রধর। এ ছাড়া স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীরা উপস্থিত ছিলেন।
নাগরপুরে দীর্ঘদিন ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। একদিকে মসজিদের আজান, অন্যদিকে মন্দিরে পূজা-অর্চনা—এ সহাবস্থান স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে আসছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এই সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বাংলা/এমএস
